সারা দেশে আনন্দময় বর্ষবরণ
আজ পয়লা বৈশাখ। ১৪২২ বঙ্গাব্দের প্রথম দিন। বৈশাখ আনন্দময় করে তুলেছে বাঙালিকে। শুরু হয়েছে নতুন পথচলা। বর্ণাঢ্য আয়োজনে আজ মঙ্গলবার সারা দেশে উদযাপিত হচ্ছে বর্ষবরণ।
আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
বিশ্বজিৎ সাহা, নরসিংদী : আজ সকাল ৯টার দিকে থেকে নরসিংদী সরকারি কলেজ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া সকাল থেকে তমাল তলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। জেলা প্রশাসন, তমাল তলা বন্ধুমহল, যুগান্তর স্বজন সমাবেশসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে।
রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় ময়দান থেকে শোভাযাত্রা বের হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন।
ভজন দাস, নেত্রকোনা : নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হচ্ছে বাংলা নববর্ষ। সকালে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শহরের মোক্তারপাড়া মাঠ থেকে জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদারের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। এ ছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছে বৈচিত্র্য। নতুন বছর বরণ উপলক্ষে জেলায় সাত দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। বাউলগান, গেটু গান, জারিগান, নাটক, যাত্রাপালার পাশাপাশি কাবাডি, ঘুরি ওড়ানোর মতো গ্রামীণ খেলাধুলার আয়োজন রয়েছে।
অসীম মন্ডল, সিরাজগঞ্জ : সকাল থেকে বিভিন্ন সংগঠন র্যালি বের করে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পান্তা ইলিশের আয়োজন করা হয়। বাংলাদেশ রবীন্দ্র পরিষদ সিরাজগঞ্জ শাখার উদ্যোগে জেলা প্রশাসন চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিউল ইসলাম, বাগেরহাট : সকালে জেলা স্টেডিয়াম থেকে র্যালি বের হয়। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিরা এতে অংশ নেয়। বাঙালির বিভিন্ন বৈশিষ্ট্য তুলে নানা সাজে স্কুল কলেজের শিক্ষার্থীদের র্যালিতে অংশগ্রহণ ছিল দেখার মতো। বর্ষবরণ উপলক্ষে জেলা প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উগ্যোগে সাত দিনব্যাপী কর্মসূচি নিয়েছে।
মাহবুব হোসেন, গোপালগঞ্জ : নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে পালিত হচ্ছে নববর্ষ উদযাপন। সকালে বর্ষবরণের গানের মধ্য দিয়ে বছরের নতুন সূর্যকে আমন্ত্রণ জানায় জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। এরপর বাঙালির ঐতিহ্য গরুর গাড়ি, পালকি, ঢেঁকি, লাঠি খেলাসহ নানা উপকরণ নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর : চিরায়ত বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে লালন করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে লক্ষ্মীপুরে বর্ষবরণ উৎসব উদযাপিত হচ্ছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, বিভিন্ন সংগঠনের নেতাসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
কাকন রেজা, শেরপুর : জেলা প্রশাসনের উদ্যোগে শেরপুর পৌর পার্কে আয়োজন করা হয়েছে বর্ষবরণের অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমিসহ জেলার বিভিন্ন সংগঠনের শিল্পীরা গান পরিবেশন করেন।
মিজানুর রহমান, ঝিনাইদহ : সকাল সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। ঢোল-ডাগর বাজিয়ে, রংবেরঙের মুখোশ, নতুন পোশাক পরে বৃদ্ধ, তরুণ-তরুণী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়। এ সময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আবুদল হাই, জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার আলতাফ হোসেনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে ওয়াজের আলী স্কুল মাঠে পান্তা ইলিশের আয়োজন করা হয়। এ ছাড়া পৃথক পৃথকভাবে বিভিন্ন সংগঠন দিবসটি উযযাপন করছে।
কুষ্টিয়ায় ও ইবিতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ
ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া : কুষ্টিয়ায় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের জমকালো আয়োজনে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আজ সকাল ১০টায় মহিষের গাড়ি আর পালকিতে চড়ে বউ সেজে আবহমান গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যকে জানান দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শহরে জেলা প্রশাসনের উদ্যোগে বের হওয়া শোভাযাত্রায় ঢোল, ডাগর আর ব্যান্ডপার্টির তালে তালে বিভিন্ন সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের মানুষ অংশ নেয়।
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার : নানা উৎসবের মধ্য দিয়ে কক্সবাজারে পহেলা বৈশাখ পালিত হয়েছে। সকালে শহরে মঙ্গল শোভাযাত্রা বের করে কক্সবাজার জেলা প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। জেলা প্রশাসক মো. আলী হোসেনের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে পৌরসভার সামনে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দুপুরে শহরের অভিজাত হোটেল ওশান প্যারাডাইস, কক্স-টুডে, সি-গালসহ বেশ কয়েকটি হোটেল বৈশাখ বরণ কর্মসূচি পালিত হয়। এসব হোটেলে পর্যটকদের আকর্ষণ বাড়াতে বসেছে বৈশাখী মেলা।
এ ছাড়া পাবলিক লাইব্রেরি মাঠে বর্ষবরণ অনুষ্ঠান পালন করছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
শফিক জামান, জামালপুর : বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে জামালপুরে পহেলা বৈশাখ পালিত হয়েছে। সকালে বৈশাখী মেলা মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করীম হীরা, জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার নজরুল ইসলাম, পৌর মেয়র অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। এর আগে ভোর থেকে বৈশাখী মেলা মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে আয়োজন করা হয় পান্তা ইলিশের।
কে এম সবুজ, ঝালকাঠি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে বর্ষবরণ চলছে। সকালে শহরের শিশুপার্ক মুক্তমঞ্চে খেলাঘর আসরের প্রভাতি অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন, পুলিশ সুপার মো. মজিদ আলীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সমাজের সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়। এ ছাড়া জেলা প্রশাসন, আইনজীবী সমিতি, সিটিক্লাব, প্রতীক নাট্যগোষ্ঠী, লোকনাথ শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। জেলার অন্যান্য উপজেলায় আনন্দ-উচ্ছ্বাসে বর্ষবরণ করা হয়। ব্যবসায়ীরা পয়লা বৈশাখ উপলক্ষে হালখাতার আয়োজন করে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বসেছে বৈশাখী মেলা।
শফিকুল ইসলাম শফিক, মাগুরা : সকাল ৭টায় জেলা প্রশাসনের আয়োজনে নোমানী ময়দান থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানে সমবেত হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে র্যালিতে অংশগ্রহণকারীদের মধ্যে বাঙালি ঐতিহ্যের খাবার পরিবেশন করা হয়। এ ছাড়া দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান পয়লা বৈশাখ উদযাপন করছে।
সাইফুল ইসলাম সজল, যশোর : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোরে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়া হচ্ছে। সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বৈশাখের নাচ-গান, মিষ্টিমুখ ও পান্তা-ইলিশের আয়োজন করে। বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজন ছিল স্থানীয় পৌর পার্কে উদীচী যশোরের ব্যবস্থাপনায়। এ আয়োজনের সাথেই উদীচী তাদের বর্ষবরণ উদযাপনের চার দশক পালন করছে। এবার তাদের স্লোগান : মুক্তমনের আলোকে, আঁধার কাটুক পলকে।
এদিকে সকালে জেলা প্রশাসন ও চারুপীঠ যশোরের উদ্যোগে শহরের বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর শোভাযাত্রার উদ্বোধন করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখা সূত্রে জানা গেছে, শহরের অন্তত ২৫টি স্থানে বর্ষবরণ উপলক্ষে নানা আয়োজনে নতুন বছরকে বরণ করা হচ্ছে।
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট : ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ স্লোগানে সারা দেশের মতো জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎযাপিত হচ্ছে- বাংলা বর্ষবরণ। সকালে জেলা প্রশাসনেরে উদ্যোগে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা-ইলিশের আয়োজন করা হয়।
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ : প্রতিবারের মতো এবারও ‘আমাদের কিশোরগঞ্জ’ সংগঠন বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। আজ সকালে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি আবার একই স্থানে এসে শেষ হয়। বিভিন্ন ধরনের মুখোশ, প্রতীক ও ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে শোভাযাত্রায় দেশের আবহমান সংস্কৃতিকে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলা হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগেও সকালে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালন করছে। জেলা প্রশাসনের উদ্যোগে বিয়াম ল্যাবরেটরি মাঠসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জেলা শহরের বেশ কয়েকটি স্থানে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ : পান্তা-ইলিশ, সাপের খেলা, যেমন খুশি তেমন সাজো, বর্ণাঢ্য র্যালিসহ নানা আনুষ্ঠানিকতায় সুনামগঞ্জে বর্ষবরণ উদযাপন হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে আবার স্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারী সবাইকে পান্তা-ইলিশ পরিবেশন করা হয়। এ ছাড়া সাপের খেলা, নৃত্য, গান, কবিতা পাঠ, কুইজ প্রতিযোগিতা, র্যাফল ড্রসহ নানা অনুষ্ঠান চলে দুপুর পর্যন্ত। সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
এ ছাড়া উদীচীর আয়োজনে পুরাতন কোর্ট বটতলায়, সুনামগঞ্জ সরকারি কলেজ ও পৌর কলেজ চত্বরে লোকদল শিল্পীগোষ্ঠীর আয়োজনে দিনভর বর্ষবরণ অনুষ্ঠান দর্শকদের আনন্দ দেয়।

অনলাইন ডেস্ক