জেলা জজকে হত্যার হুমকি : থানায় জিডি
জয়পুরহাটের জেলা ও দায়রা জজসহ মহিলা বিচারক এবং ধর্মীয় নেতাদের গলা কেটে হত্যা করার হুমকি দিয়েছে নিষিদ্ধঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে বোমা মেরে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে।
ডাকযোগে ১৪ জুলাই জয়পুরহাট জেলা ও দায়রা জজ মো. আবদুর রহিম বরাবর চিঠি পাঠিয়ে ওই হুমকি দেওয়া হয়। প্রেরক হিসেবে জয়পুরহাট পৌর এলাকার আরাফাত নগরের মো. নূরুন্নবী মণ্ডলের নাম উল্লেখ করা রয়েছে।
চিঠিটি পাওয়ার পর মো. আবদুর রহিম ওই দিনই জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই ডায়েরিতে জেলা ও দায়রা জজ মো. আবদুর রহিম কর্তৃক দায়েরকৃত জেলা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ও বিচারকদের নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট পুলিশ সুপারের কাছে অনুরোধ জানানো হয়েছে।
তবে বিষয়টি গোপন রাখায় এত দিন সাংবাদিকরা কেউ জানতে পারেননি। সোমবার সন্ধ্যার পর এ বিষয়টি প্রথম জানাজানি হলে সাংবাদিকদের নজরে আসে। পরে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট