সিরাজগঞ্জে জেএমবির সদস্য সন্দেহে চার নারী আটক
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে চার নারীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা।
আজ রোববার ভোরে সিরাজগঞ্জ জেলা শহরের মাছুমপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
এ সময় চারজনের কাছ থেকে গ্রেনেড তৈরির সরঞ্জাম, ছয়টি ককটেল ও জিহাদি বই জব্দ করা হয় বলে দাবি পুলিশের।
আটক চার নারী হলেন—সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদুল্যাপুর গ্রামের নাদিরা তাবাসসুম রানী (৩০), বগুড়ার শাজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোটের হাবিবা আক্তার মিশু (১৮), এই উপজেলার পরানবাড়িয়ার রুমানা আক্তার রুমা (২১) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মোচাদহ দক্ষিণপাড়ার রুনা বেগম (১৯)।
সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে পৌর এলাকার মাছুমপুরে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তাঁরা ওই বাড়িতে বসে গোপন বৈঠক করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এসপি আরো জানান, ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল, গ্রেনেডসহ বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম ও নয়টি জিহাদি বই উদ্ধার করা হয়েছে। আটক চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক চার নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা