দুই সমিতির দ্বন্দ্বের জের
নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ
বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এভাবেই ফাঁকা রয়েছে নাটোর বাসস্ট্যান্ডের কাউন্টারগুলো। ছবি : এনটিভি
দুই জেলার বাস মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে নাটোর-রাজশাহী রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই রুটে চলাচলকারী যাত্রীরা।
গতকাল সোমবার সকালে নাটোর বাস টার্মিনালে রাজশাহী বাস মালিক সমিতির একটি বাসের চলাচল নিয়ে নাটোর মালিক সমিতির সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে আজ মঙ্গলবার সকাল থেকে নাটোর-রাজশাহী রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় রাজশাহী মালিক সমিতি।
এর ফলে উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাস চলাচল বন্ধ রয়েছে।
নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষ্মণ পোদ্দার জানান, রাজশাহী বাস মালিক সমিতির অন্তর্ভুক্ত বাসের ছাদে যাত্রী ও অতিরিক্ত মালামাল বহনের প্রতিবাদ করায় তারা আজ সকাল থেকে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

হালিম খান, নাটোর