জয়পুরহাটে বিপুল ভারতীয় ওষুধ আটক
জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার রশিদপুর-মোলান বাজার এলাকা থেকে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ বিপুল ভারতীয় ওষুধসহ বিভিন্ন পণ্য আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)।
জয়পুরহাট-৩ বিজিবির অধীন পাঁচবিবি বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আব্দুল বাতেন জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর ৪টায় রশিদপুর-মোলান বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় নেশা ও মোটা তাজাকরণের এক লাখ ৬২ হাজার পিস প্যারাকটিন, দেড় হাজার পিস অ্যাভাকট, ১২ হাজার পিস ডেকসিন, সাত হাজার পিস ট্রারগেট, ৫০০ পিস নিমসলাইড ট্যাবলেট, উন্নত মানের ১০টি শাড়ি ও ৩০টি থ্রি পিস আটক করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা ভারত থেকে অবৈধ পথে পাচার করে নিয়ে আসা পণ্য ফেলে পালিয়ে যায় বলে জানান বিজিবি কর্মকর্তা। তিনি আরো জানান, আটক ভারতীয় পণ্যের মূল্য ধরা হয়েছে ৪৭ লাখ ৪৮ হাজার টাকা। এসব পণ্য দিনাজপুরের হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট