জয়পুরহাটে রোগ নির্ণয়কেন্দ্রে অগ্নিকাণ্ড
জয়পুরহাট শহরের আমতলী এলাকার গ্রাজুয়েট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্সি সেন্টার নামের একটি রোগ নির্ণয়কেন্দ্রের দ্বিতীয় তলার ল্যাবরেটরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে প্রতিষ্ঠানের অত্যাধুনিক ল্যাবের প্রয়োজনীয় বিভিন্ন মেশিন ও যন্ত্রপাতি পুড়ে আনুমানিক ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জয়পুরহাট শহরের আমতলী এলাকার গ্রাজুয়েট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্সি সেন্টারের দ্বিতীয় তলার ল্যাবরেটরিতে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ল্যাবের নেবুলাইজার মেশিন, অটোমেটেড হরমোন অ্যানালাইজার মেশিন, কেমিক্যাল, কম্পিউটার, ল্যাপটপসহ বেশ কিছু মূল্যবান যন্ত্রাংশ পুড়ে নষ্ট হয়ে যায় ।
জেলা ফায়ার সার্ভিসের পরিদর্শক জাহানুর ইসলাম জানান, ঘটনাস্থলে তাদের দল সময় মতো পৌঁছার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অল্পের জন্য ওই সেন্টারের পাশের আইএফআইসি ব্যাংক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে তাঁর ধারণা
গ্রাজুয়েট ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নজরুল ইসলাম জানান, আগুনে ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তিনি বলেন, আগুনের কারণ উদঘাটনে গ্রাজুয়েটের অন্য পরিচালক মিজানুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে। এই টিম আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট