মৌলভীবাজারে অভিযান চালিয়ে চার ‘ডাকাত’ আটক
মৌলভীবাজার সদর উপজেলা থেকে চার ব্যক্তিকে আটক করা হয়েছে। মডেল থানা পুলিশের দাবি, এরা চারজনেই ডাকাতির সঙ্গে জড়িত।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটক চার ব্যক্তি হলেন - ফরুক মিয়া (৪৫), আজির উদ্দিন (৩০), রুমান মিয়া (২০) ও ইউসুফ আলী।
এরা মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা। পুলিশ এই চারজনের কাছ থেকে একটি ক্যামেরা ও ৫টি ব্যাগসহ বেশকিছু জিনিস উদ্ধার করেছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চার ব্যক্তি শহরের গোবিন্দশ্রী এলাকার ব্যবসায়ী সৈয়দ জাহিদ আলীর বাসায় ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গত সোমবার দিবাগত রাতে গোবিন্দশ্রী এলাকায় ব্যবসায়ী সৈয়দ জাহিদ আলীর বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা মারধর করে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে বিভিন্ন কক্ষ থেকে ২৫ ভরি সোনার গয়না, বিদেশি ডলার, নগদ তিন লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোনসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এস এম উমেদ আলী, মৌলভীবাজার