জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পরিতোষ ওরফে পরি নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পরে এ অবস্থাতেই তাঁকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার রুকিন্দিপুর ঈদগাহ মাঠের কাছে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ পরির বাড়ি উপজেলার রুকিন্দিপুর এলাকায়। তাঁকে জয়পুরহাট জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট, হাঁসুয়া, চাকুসহ নানা ধরনের দেশি অস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মাদক কেনাবেচার খবর পেয়ে ঈদগাহ এলাকায় যায় পুলিশ। এ সময় উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী পরি গুলিবিদ্ধ হয়। তবে তাঁর অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে আটক করা হয়।
ওসি জানান, পরির বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদক-সংক্রান্ত ছয়টি মামলা রয়েছে।
এদিকে, গতকাল বুধবার রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের সীমান্তবর্তী আদাপাড়া মোড়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আটটি গুলি উদ্ধার করেছেন বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা। ওই বাসে জিরার বস্তার মধ্যে মালিকবিহীন অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
বিজিবির জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খবির উদ্দিন এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট