পুকুরে পাওয়া গেল পুলিশের লাশ
জয়পুরহাটে ডিবির (জেলা গোয়েন্দা বিভাগ) উপসহকারী পরিদর্শক (এএসআই) শাহ আলমের (৩২) রহস্যজনক মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় জয়পুরহাটের পুলিশ লাইনস পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুকুরে গোসল করতে গিয়ে স্ট্রোক করে (হৃদরোগে আক্রান্ত হয়ে) তাঁর মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত শাহ আলম পাবনার চাটমোহর উপজেলার চরনবীন গ্রামের জহির রায়হানের ছেলে। তাঁর স্ত্রী ও দুই সন্তান আছে।
ডিবির এএসআই শাহ আলমের এ রহস্যজনক মৃত্যুর ব্যাপারে (মোবাইল ফোনে) জানতে চাইলে জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) বেলায়েত হোসেন জানান, ডিবির এএসআই শাহ আলম পুলিশ লাইন মেসে থাকতেন। বুধবার রাতে তাঁর ডিউটি ছিল। সারারাত জেগে ডিউটি করার পর ভোরে তিনি ঘুমিয়ে সকাল ১০টার দিকে ওঠেন। ওই সময় তিনি তাঁর সহকর্মীদের শরীরটা খারাপ লাগার কথা বলে পুকুরে যান গোসল করতে। এর পর তিনি পুকুরে গোসল করার উদ্দেশ্যে তাঁর কক্ষ থেকে বাইরে বেরিয়ে যান। অন্যরা কেউ আর তাঁর খোঁজখবর নেননি যে তিনি পরে পুকুর থেকে ফিরেছেন কি না। বৃহস্পতিবার (আজ) বিকেলে ডিউটি থাকায় তাঁকে খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু কোথাও তাঁকে পাওয়া যায় না। এমনি অবস্থায় রাতে কয়েকজন পুলিশ কনস্টেবল পুলিশ লাইনস পুকুরের নির্জন পাড়ে লুঙ্গি, গামছা ও স্যান্ডেল দেখতে পেয়ে তাঁদের সন্দেহ হলে বিষয়টি তাঁরা পুলিশ কর্মকর্তাদের অবহিত করেন। এর পর ওই পুকুরে ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে পুকুরের হাঁটুপানি থেকে ডিবির এএসআই শাহ আলমের লাশ উদ্ধার করা হয়। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ওই নির্জন পুকুরে একা গোসলের সময় হয়তো বা তাঁর স্ট্রোক করে (হৃদরোগে) মৃত্যু হতে পারে। তবে এ পুলিশ কর্মকর্তা জানান, তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে শাহ আলমের লাশের ময়নাতদন্ত করা হবে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট