নাটোরে পদ্মা নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৭
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজন নিখোঁজ রয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পদ্মা নদীর বিলমাড়িয়া ঘাট থেকে একটি নৌকা পলাশীর চরে যাওয়ার সময় মাঝনদীতে ডুবে যায়।
নিখোঁজ ব্যক্তিরা হলেন—চান্দির আলী (৩৮), জামাল মণ্ডল (৫২), আরজেদ আলী (৪৩), বেলাল হোসেন (৪৫), জামরুল ইসলাম (২৫), ভাসান আলী (২৮) ও আসাদ আলী (৩৮)।
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে চান্দির, জামাল ও আসাদের বাড়ি লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নের চকবাদকয়া গ্রামে। নিখোঁজ অন্য ব্যক্তিদের বাড়ি একই ইউনিয়নের মোহরকয়া গ্রামে।
স্থানীয় ব্যক্তিরা জানান, এখনো নিখোঁজ ব্যক্তিদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে নদীতে তিনটি লুঙ্গি পাওয়া গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার আলী খান জানান, সকালে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে নৌকাটি মাঝনদীতে ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন ও জেলেরা নৌকায় গিয়ে অনেককে উদ্ধার করেন। কেউ কেউ সাঁতরে তীরে উঠে আসেন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধারকাজ চালায়। তবে এখন পর্যন্ত সাতজনের সন্ধান পাওয়া যায়নি। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিস অভিযান চালাচ্ছে বলেও জানান পুলিশ সুপার।

হালিম খান, নাটোর