আশুগঞ্জে গ্রেপ্তার ৩, মাদক জব্দ
আশুগঞ্জে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের কাছে শহীদ মিনারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ২৩৫ বোতল ফেনসিডিল, ৬২ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করার দাবি করেছে র্যাব।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জেলার বিজয়নগরের মো. নাঈম মিয়া (২২) ও মো. কাহার মিয়া (৫২) এবং গাজীপুর জেলার কালীগঞ্জের মো. মোর্শেদ আলম (১৯)।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ফায়জুল হাসান সাজ্জাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের কাছে শহীদ মিনারের সামনে একটি ট্রাক আটক করা হয়। সেখান থেকে ২৩৫ বোতল ফেনসিডিল, ৬২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ওই ট্রাকের চালক নাঈমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আজ রোববার সকালে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে এবং ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে।

আক্তারুজ্জামান রঞ্জন, আশুগঞ্জ