জয়পুরহাটে এক ট্রাক ভারতীয় শাড়ি আটক
জয়পুরহাটে পাচার করে আনা ভারতীয় শাড়িবোঝাই সাত টনি একটি ট্রাক আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল জানান, আসন্ন ঈদকে সামনে রেখে দিনাজপুরের হিলির দিক থেকে চোরাইপথে পাচার করে আনা বিপুল ভারতীয় শাড়ি রাজধানী ঢাকায় নেওয়া হচ্ছে বলে খবর পায় পুলিশ। আজ বেলা ১১টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে পুলিশ ভারতীয় শাড়িবোঝাই একটি বড় (৭ টন) ট্রাক আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক, সহকারী ও চোরাকারবারিরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকে থাকা ১২৫ গাইট থেকে প্রায় ৯ হাজার পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। আটক ট্রাকসহ এসব ভারতীয় শাড়ি কাপড়ের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় দুই কোটি টাকা।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট