ফতুল্লা স্টেডিয়ামে সাংবাদিক লাঞ্ছিত
সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের ম্যাচের খবর সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন এক ক্রীড়া সাংবাদিক। আজ মঙ্গলবার ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। ইংরেজি দৈনিক দ্য নিউ এজের এই সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বিসিবির নিরাপত্তা সমন্বয়ক মোহাম্মদ আলী।
মোহাম্মদ আলী সেই সাংবাদিকের শার্টের কলার টেনে ধরেন এবং নানাভাবে ভয়ভীতি দেখান বলে অভিযোগ পাওয়া গেছে।
উপস্থিত সাংবাদিকরা এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে লিখিত অভিযোগ করেছেন। ২৪ ঘণ্টার মধ্যে নিরাপত্তা সমন্বয়কের পদ থেকে মোহাম্মদ আলীর অপসারণ দাবি করেছেন সাংবাদিকরা।
মোহাম্মদ আলীর বিরুদ্ধে অতীতেও বিভিন্ন সময় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। কিন্তু বিসিবি কোনো ব্যবস্থা নেয়নি।

ক্রীড়া প্রতিবেদক