একই পরিবারের চারজন নিহতের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় চলছে শোকের মাতম
নরসিংদীর মাধবদীতে কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ছয়জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় চলছে শোকের মাতম। তারা সবাই ঈদের ছুটিতে মাইক্রোবাসে করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফিরছিলেন। নিহত ছয়জনের মধ্যে একই বাড়ির চারজন ও পাশের গ্রামের দুজন।
নিহতরা হলেন- বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আব্দুল মমিনের ছেলে মজিবুর রহমান (২৭), তার ভাগনি মীম আক্তার (২০) ভাগনা আবু হুরায়রা (৯) ও তার চাচা জসিম (৩০) এবং পাশের গ্রাম জালালপুরের হেলাল ও বাবুল।
নিহতদের স্বজনরা জানান, ঢাকা থেকে একটি হাইয়েস মাইক্রোবাসে চেপে নারী ও শিশুসহ মোট ১৩ জন যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আসছিলেন। যাত্রাপথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে একজন নারীসহ তিনজনের মৃত্যু হয়। পরে ঢাকা মেডিকেলে আরও দুজন মারা যায়।
এ ঘটনার পর পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাদের ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। নিহতদের মরদেহ এলাকায় এসে পৌছালে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও আত্মীয় স্বজন পাড়া-প্রতিবেশিসহ সকলেই ভিড় করছে। তাদের এই অকালমৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। ঈদ আনন্দন যেন বিষাদ নেমে আসে নিহতদের জানাজা শেষে বাদ আসর দাফন করা কথা রয়েছে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া