নোয়াখালীতে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত ২
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাজি ধরে ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে মো. আরিফ হোসেন (২০) নামে এক তরুণকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রুগুরামপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ হামলায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহত আরিফ হোসেন জিরতলী ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাঞ্ছারাম বাড়ির সিরাজ মিয়ার ছেলে। তিনি ঢাকায় একটি ফ্যাক্টরিতে কাজ করতেন এবং মাত্র সাত-আট দিন আগে গ্রামের বাড়িতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির পেছনে কয়েকজন যুবক বাজি ধরে ফুটবল খেলার আয়োজন করে। খেলা চলাকালীন দুই দলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে আরিফ বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই দিন সন্ধ্যায় স্থানীয় সাজুর চায়ের দোকানে ফাহিম নামে এক তরুণ আরিফকে মারধর করে। পরে স্থানীয়রা বিষয়টি সাময়িকভাবে মিটমাট করে দিলেও প্রতিপক্ষ গ্রুপটি ক্ষোভ পুষে রাখে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় রুগুরামপুর গ্রামে প্রতিপক্ষের লোকজন পুনরায় আরিফের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা আরিফের বুকের বাম পাশে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই আকিল অভিযোগ করেন, ফাহিম ও সাইফুলসহ বেশ কয়েকজন মিলে এই হামলা চালিয়েছে। হামলায় আরিফের চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমরকেও (২২) ছুরিকাঘাত করে জখম করা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, বাজি ধরে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে জড়িতদের গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী