রাজবাড়ীতে যুবক হত্যার প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন
রাজবাড়ীর পাংশায় আলিম খান নামের এক যুবককে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পাংশা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চর দুর্লভদিয়া এলাকায় আলিম খানের বাড়ির সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দরগাতলা ও পুরাতন বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাংশা মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় কয়েকশ গ্রামবাসী, নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আলিম খানকে পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি কার্যকর করতে হবে। তারা আরও বলেন, দেরি না করে দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখতে হবে।
গত ১৫ ডিসেম্বর আলিম খান ঢাকায় কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শ্রীনিবাসদী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা ১৮ ডিসেম্বর আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানায়, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে পরকীয়া সম্পর্কের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় ১৯ ডিসেম্বর রাতে ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে মো. রুহুল আমিন ওরফে রাব্বি নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যাকাণ্ডে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মো. কবির হোসেন, রাজবাড়ী