তারেক রহমানের ফ্লাইটের অবস্থান জানবেন যেভাবে
অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট BG 202-এ (Boeing 787-9 Dreamliner) চড়ে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা দেশে ফিরছেন।
বাংলাদেশ বিমান ও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ফ্লাইটটি সরাসরি ঢাকা আসার পথে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার যাত্রাবিরতি করবে। সিলেটে যাত্রা বিরতির পর বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
ফ্লাইটের অবস্থান জানবেন যেভাবে
তারেক রহমানের এই ফ্লাইটটি রিয়েল-টাইমে ট্র্যাক করার জন্য প্রযুক্তিনির্ভর বেশ কিছু মাধ্যম রয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24.com-এ গিয়ে সার্চ বক্সে ‘BG202’ বা ‘Biman 202’ লিখে সার্চ করলে ম্যাপের ওপর তার ফ্লাইটের অবস্থান, গতিবেগ এবং উচ্চতা সরাসরি দেখা যাবে। এছাড়া FlightAware.com এবং FlightStats.com এর মতো পোর্টালেও ফ্লাইটের বর্তমান স্ট্যাটাস এবং অবতরণের সম্ভাব্য সময় প্রতি মুহূর্তে আপডেট করা হচ্ছে। মূলত এভিয়েশন ডাটাবেজ এবং রাডার সিগন্যালের বরাতে এই ওয়েবসাইটগুলো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে লাইভ ট্র্যাকিংয়ের সুবিধা দিয়ে থাকে।
বিএনপি ও বিমানবন্দর সূত্রের তথ্য অনুযায়ী, নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরে সাধারণ দর্শকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর তাকে দলের স্থায়ী কমিটির সদস্যরা অভ্যর্থনা জানাবেন।
বিমানবন্দর থেকে তিনি সরাসরি ৩০০ ফিট (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে) এলাকায় আয়োজিত একটি সংক্ষিপ্ত গণসংবর্ধনায় যোগ দেবেন এবং সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।
তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি২০২ ফ্লাইটির সর্বশেষ অবস্থান দেখতে এখানে ক্লিক করুন।
১৭ বছর পর তার এই ফেরা কেন্দ্র করে সারাদেশে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মেও—হাজার হাজার মানুষ অনলাইনে তার ফ্লাইটের গতির দিকে নজর রাখছেন।
ইতোমধ্যে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে তিনি লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে রাত সোয়া ১০টার দিকে পৌঁছান। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় রাত সোয়া ১২টার দিকে ঢাকার উদ্দেশে বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইটে রওনা হবেন তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক