পূর্বাচলের ৩০০ ফিট ও বিমানবন্দর এলাকার বর্জ্য অপসারণ করল বিএনপি
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আয়োজিত গণঅভ্যর্থনা পরবর্তী বর্জ্য অপসারণে উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফুট মহাসড়ক), এয়ারপোর্ট রোড এবং এর সংলগ্ন এলাকায় এই স্বেচ্ছাশ্রমভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ নেতাকর্মীর সমাগম ঘটে। ফলে বিশাল এলাকা জুড়ে পানির বোতল, ব্যানার, প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা ছড়িয়ে পড়ে। নগরবাসীর দুর্ভোগ লাঘব এবং পরিবেশ রক্ষায় গতকাল রাতেই বর্জ্য পরিষ্কারের ঘোষণা দিয়েছিল দলটি।
আজ সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক ও যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে শত শত নেতাকর্মী ও পরিচ্ছন্নতা কর্মীরা এই অভিযানে অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিএনপির ভেরিফায়েড পেজে এ তথ্য জানানো হয়।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালীন উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক গণমাধ্যমকে বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান সবসময় শৃঙ্খলার ওপর জোর দেন। লাখ লাখ মানুষের সমাবেশে যে বর্জ্য সৃষ্টি হয়েছে, তা পরিষ্কার করা আমাদের নৈতিক দায়িত্ব। তার নির্দেশনায় আমাদের নেতাকর্মীরা এই পরিষ্কার অভিযান শুরু করেছে।
পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি এই বিএনপি নেতা জানান, সমাবেশের ভিড়ে সড়কের বিভাজকে থাকা যেসব গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে নতুন করে চারা রোপণ করা হবে। পুরো এলাকাকে আগের মতো পরিচ্ছন্ন ও নান্দনিক অবস্থায় ফিরিয়ে না আনা পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক