জয়পুরহাট চিনি কলে আখ মাড়াই শুরু
গত মৌসুমে ৫৮ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে জয়পুরহাট সুগার মিলস লিমিটেডে চলতি মৌসুমের আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ফ্যাক্টরির সামনে কেইন কেরিয়ারের (আখের ডোঙ্গা) পাশে দোয়া মাহফিলের মাধ্যমে মৌসুমের আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মান নিয়ন্ত্রণ ও ব্যবসা সহায়তা) মাকসুদা নূর।
অতিরিক্ত সচিব অন্যান্য অতিথিকে সঙ্গে নিয়ে ক্যান ক্যারিয়ারে (আখের ডোঙ্গায়) মাড়াইয়ের জন্য এ মৌসুমের প্রথম আখ নিক্ষেপ করেন।
জয়পুরহাট সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্লার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত সচিব (রাষ্ট্রায়ত্ত করপোরেশন) এম এ কামাল বিল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফিডারেশন ও জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জায়েদ হোসেন, জেলার সফল আখচাষী আব্দুল হান্নান চৌধুরী প্রমুখ।
পরিচালক এমডি কৃষিবিদ মোহাম্মদ কবির উদ্দিন মোল্লা জানান, এবার মোট ৩৮কর্ম দিবসে ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে তিন হাজার ২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। আখ থেকে চিনি আহরণের হার (রিকভারি) ধরা হয়েছে ৫ শতাংশ।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট