দল ও দেশের স্বার্থে সঠিক লড়াইটিই বেছে নিয়েছে এনসিপি : জাকারিয়া
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও আর্ন্তজাতিক সেলের সম্পাদক সুলতান মুহাম্মদ জাকারিয়া বলেছেন, এনসিপি দল ও দেশের স্বার্থে সঠিক লড়াইটিই বেছে নিয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন জাকারিয়া।
জামায়াতের সঙ্গে জোট হওয়ার গুঞ্জনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা পদত্যাগ করেন। এরপর জামায়াতের সঙ্গে জোট গঠন না করতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর বিবৃতি পাঠিয়েছেন ৩০ নেতা।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে সুলতান মুহাম্মদ জাকারিয়া বলেন, সংস্কার, বিচার, আধিপত্যবাদ-বিরোধিতার প্রশ্নে আমি কার সাথে এলাই হব? এটাই এনসিপির সামনে সবচেয়ে বড় প্রশ্ন। এনসিপি দল ও দেশের স্বার্থে সঠিক লড়াইটিই বেছে নিয়েছে।
এনসিপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন, জামায়াত জুলাইয়ে হাজার-হাজার কর্মীর রক্ত ঝরিয়েছে আমাদের লড়াইয়ের কাফেলায়। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা স্বৈরাচার হটানোর লড়াইয়ে ছিলাম। জুলাইয়ের পর তাদের একাত্তর, তাদের জুলাইকে নাই করে দেওয়ার কথা ছিল না। এই প্রশ্ন মুখ্য হওয়ার কথা ছিল না। আমাদের আহ্বায়ক স্পষ্ট বলেছেন, জামায়াত জুলাইয়ে একাত্তরের কাফফারা দিয়েছে। এখন কারা ৭১ টেনে এনে পুনরায় ভারতীয় হেজিমনের ন্যারেটিভ দিয়ে আমাদের বিভক্ত করতে চায়?
আরও পড়ুন : আমি চলে গেলেও আপনারা ইনসাফের লড়াই থামাবেন না : জাবের
সুলতান মুহাম্মদ জাকারিয়া আরও বলেন, কেউ কেউ নতুন বিপ্লবী সেজেছে। জুলাইয়ের আগে কিংবা জুলাইয়ে স্বৈরাচার হটানোর দীর্ঘ লড়াইয়ে কার কী অবদান, এ প্রশ্নের মীমাংসা করে স্টারডম বিবেচনা করতে হবে।

নিজস্ব প্রতিবেদক