খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বলা হয়েছে, আজ বুধবার (৩১ ডিসেম্বর) অতিরিক্ত জনসমাগম বিবেচনায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার স্বার্থে বেশ কিছু সড়ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এই ডাইভারশনগুলো সকাল ৭টা থেকে কার্যকর হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়।
বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ডিএমপির নির্দেশনা অনুযায়ী, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডস্থ ফার্মগেটে নামার র্যাম্প বন্ধ থাকবে এবং পরিবর্তে এফডিসি র্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সোনারগাঁও মোড় হতে ফার্মগেট বা বিজয়সরণি রোডে সীমিত গাড়ি চলাচল করবে। সাধারণ চালকদের যথাসম্ভব কাজী নজরুল ইসলাম এভিনিউ সড়ক পরিহার করতে বলা হয়েছে। এ ছাড়া বনানী-মহাখালী বা এয়ারপোর্ট রোড হতে শাহবাগ-মতিঝিলগামী গাড়িগুলোকে মগবাজার ফ্লাইওভার ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।
মিরপুর অঞ্চল হতে ধানমন্ডি-মোহাম্মদপুরগামী গাড়িসমূহকে মানিক মিয়া এভিনিউ এড়িয়ে টেকনিক্যাল-শ্যামলী রিংরোড হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। একইভাবে মিরপুর হতে মতিঝিলগামী যানসমূহ আগারগাঁও ও জাহাঙ্গীরগেট-মহাখালী হয়ে মগবাজার ফ্লাইওভার ব্যবহার করবে। পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেলের দিকে এবং ধানমন্ডি ৩২ নম্বর ক্রসিংয়ে ডাইভারশন দেওয়া হবে। জানাজাস্থল খালি রাখার জন্য রাপা প্লাজা হতে গণভবন ক্রসিং, ফার্মগেট হতে আড়ং এবং বিজয়সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগান পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।
পার্কিংয়ের বিষয়ে ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগরের যানবাহন পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে হবে। ঢাকার বাহির হতে আসা বাস ও অন্যান্য যানবাহন মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নং সেক্টরের বৌ বাজার এলাকা এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফিট সার্ভিস রোডে পার্কিং করতে পারবে। ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি নগরবাসীর সহযোগিতা কামনা করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক