জমি নিয়ে বিরোধে আপন ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আবু বক্কর ছিদ্দিক (৬৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই হারুনুর রশীদ (৫০) পলাতক রয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামের ছেলামত উল্যার বাড়িতে। নিহত আবু বক্কর ছিদ্দিক ওই বাড়ির মৃত ছেলামত উল্যার বড় ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পৈত্রিক সূত্রে পাওয়া আট ভাইয়ের মধ্যে আবু বক্কর ছিদ্দিক দীর্ঘদিন ধরে বাড়ির পাশের একটি জমিতে ধান চাষ করে আসছিলেন। সম্প্রতি তার ছোট ভাই হারুনুর রশীদ ওই জমি নিজের দাবি করে সেখানে চাষাবাদের চেষ্টা করেন এবং ছিদ্দিককে হুমকি দেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির সামনে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হারুনুর রশীদ ধারালো দা দিয়ে তার বড় ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন।
মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। বুধবার রাত সাড়ে ৯টার দিকে পারিবারিক কবরস্থানে নিহতের দাফন সম্পন্ন হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী