আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) ভোরে শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায়, এদিন সকাল ৬টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বেশ কয়েকদিন ধরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েই চলেছে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারপাশ, যার ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
তীব্র শীতের দাপটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও ছিন্নমূলরা। প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে অনেক এলাকায় খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে সাধারণ মানুষকে। শীতের প্রভাবে সন্ধ্যার পর সড়ক ও জনপথে মানুষের চলাচলও তুলনামূলকভাবে কমে গেছে।
আরও পড়ুন : ঢাকায় বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
দেশজুড়ে চলমান এই শীতের কারণে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে যাঁদের পর্যাপ্ত শীতবস্ত্র নেই, তাঁদের জন্য রাতের ঠান্ডা হয়ে উঠছে অসহনীয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এতে জনজীবনে বাড়তি ভোগান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)