মতলব সেতুর জয়েন্টে ফাটল আতঙ্ক
চাঁদপুরের ধনাগোদা নদীর ওপর নির্মিত মতলব সেতুর এক্সপানশন জয়েন্টে ফাঁকা অংশ বড় হয়ে যাওয়ায় চরম আতঙ্কে রয়েছেন চালক ও স্থানীয় বাসিন্দারা। সাম্প্রতিক ভূমিকম্পের পর সেতুর মাঝখানের ফাঁকা অংশ বড় হয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালীর সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ করতে ৯২ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালে নির্মিত হয় এই মতলব সেতু। স্থানীয়দের অভিযোগ, চালুর পর থেকেই প্রতি বছর সেতুর দুই পাশের সংযোগ সড়কের বালুমাটি ধসে বড় গর্তের সৃষ্টি হচ্ছে। বর্তমানে ধসে যাওয়া অংশে সংস্কার কাজ চললেও নতুন করে সেতুর মাঝখানের ফাটল আতঙ্ক বাড়িয়েছে।
সম্প্রতি সারাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর সেতুর ৭টি স্প্যানের মধ্যে মাঝখানের দুটি স্প্যানের এক্সপানশন জয়েন্টের ওপর থেকে বিটুমিন খসে পড়ে। এতে জায়গাটি বড় ফাটলের মতো দেখায়।
সিএনজি চালক সফিক হোসেন জানান, ভূমিকম্পের পর থেকে ফাটলটি বড় হয়েছে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে, যা চালকদের মধ্যে ভীতি সৃষ্টি করছে।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমানের মতে, দ্রুত মেরামত না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহিনুর রহমান জানান, এটি কোনো কাঠামোগত ফাটল নয়। নিয়ম অনুযায়ী দুটি স্প্যানের মাঝখানে ‘এক্সপানশন জয়েন্ট’ রাখা হয়, যা তাপমাত্রার পরিবর্তনের কারণে শীতকালে কিছুটা বড় হতে পারে।
তিনি আরও জানান, একটি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে সেতুটি পরিদর্শন করেছে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শরীফুল ইসলাম, চাঁদপুর