কোটি টাকার সম্পদ রয়েছে ডা. তাহেরের, স্ত্রীর আছে আরও বেশি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন।
ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে দায়ের করা মোট ৩৭টি মামলা রয়েছে। এর মধ্যে বর্তমানে দুটি মামলা স্থগিত অবস্থায় রয়েছে। এ ছাড়া ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যদন্ত তার বিরুদ্ধে দায়ের করা আরও ৩৫টি মামলা থেকে তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন এবং বাতিল ও প্রত্যাহার করা হয়েছে। অধিকাংশ মামলা ২০২৪-২৫ সালে প্রত্যাহার বা বাতিল হয় অথবা তিনি সেগুলো থেকে খালাস বা অব্যাহতি পান।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে দেখা যায় ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার বর্তমান পেশা হিসেবে চিকিৎসাসেবা ভিত্তিক ব্যবসার কথা উল্লেখ করেছেন। দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি বছরে ১০ লাখ ৩৮ হাজার টাকা সম্মানী পেয়ে থাকেন। তার স্ত্রীও একজন চিকিৎসক ও চাকরিজীবী।
ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নগদ অর্থ আছে ৫১ লাখ ৮ হাজার ২২৪ টাকা এবং তার স্ত্রীর নগদ টাকার পরিমাণ ২১ লাখ ৮ হাজার ৯৬৮ টাকা। ডা. তাহেরের নিজ নামে ব্যাংকে জমা আছে ২৮ হাজার ৭২৩ টাকা এবং স্ত্রীর নামে আছে ৭ লাখ ৫৯ হাজার ৮৯০ টাকা। তার নিজ নামে বন্ড, ঋণপত্র বা শেয়ার আছে ২২ লাখ ৫৫ হাজার ৮৭৫ টাকার। তার স্ত্রীর নামে বন্ড বা শেয়ার আছে ৯০ লাখ টাকার বেশি। এ ছাড়া তার স্ত্রীর নামে স্থায়ী আমানত বা সঞ্চয়পত্র আছে ৪ লাখ টাকার বেশি। তার স্ত্রীর নামে ব্যক্তিগত মোটরগাড়ি রয়েছে যার মূল্য ২০ লাখ ৭২ হাজার টাকা। ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রীর ৮০ হাজার টাকার সোনা ও অন্যান্য ধাতুর গহনা রয়েছে।
স্থাবর সম্পত্তির মধ্যে ডা. তাহেরের ওয়ারিশসূত্রে পাওয়া ১০ দশমিক শূন্য ৭ শতক কৃষি জমি রয়েছে। তার নামে অকৃষি জমি আছে ১৫ দশমিক ৩২ শতক যার অর্জনকালীন মূল্য ২২ লাখ টাকার বেশি। তার স্ত্রীর নামে কিছু অকৃষি জমি রয়েছে যার অর্জনকালীন আর্থিক মূল্য ৩২ লাখ টাকার বেশি। ডা. তাহেরের স্ত্রীর নামে বাড়ি বা অ্যাপার্টমেন্ট আছে মোট তিনটি যার আর্থিক মূল্য তিন কোটি টাকার বেশি।
ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ব্যক্তিগত কোনো দায় নেই এবং তার নামে কোনো সরকারি পাওনাও নেই। তবে তার স্ত্রীর নামে ৩৮ লাখ টাকার বেশি দায় রয়েছে তিনটি বেসরকারি ব্যাংকে।
২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে জয়ী ডা. আব্দুল্লাহ তাহের তার নির্বাচনি প্রতিশ্রুতির বেশিরভাগই পূর্ণ করেছিলেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। কুমিল্লা সেন্ট্রাল হাসপাতালের পক্ষে প্রাতিষ্ঠানিকভাবে তার প্রায় সোয়া তিন কোটি টাকার ঋণ নেওয়া আছে। তবে তার কোনো খেলাপি ঋণ নেই।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ৬ লাখ ৯২ হাজার ২৩৮ টাকা। ২০২৫-২৬ অর্থ বছরে তার সম্পদ দেখানো হয়েছে এক কোটি ৮০ হাজার টাকার বেশি। তিনি এ সময়ে আয়কর দিয়েছেন ১২ হাজার ৩২৯ টাকা। ২০২৪-২৫ অর্থবছরে তার স্ত্রীর আয়ের পরিমাণ ছিল ৪৪ লাখ ৪১ হাজার ৬৫১ টাকা। আয়কর রিটার্নে তার স্ত্রীর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৪ কোটি ৬৪ লাখ টাকার বেশি।

এনটিভি অনলাইন ডেস্ক