দুর্জয় হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার পলক
রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা দুর্জয়কে হত্যাচেষ্টা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মধ্য বাড্ডা ইউলুপ এলাকায় গুলিতে গুরুতর আহত হন দুর্জয় আহম্মেদ নামে এক যুবক। গুলিতে তার দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ঘটনায় শেখ হাসিনাসহ ৯০ জনের নাম উল্লেখ করে মামলা করেন দুর্জয়। ওই মামলায় গত ২৪ ডিসেম্বর পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া খান। আজ সোমবার শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

আদালত প্রতিবেদক