নারায়ণগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন দুই স্বতন্ত্র প্রার্থী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের দুটি আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন দুই স্বতন্ত্র প্রার্থী। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
স্বত্রন্ত্র এই দুই প্রার্থী হলেন—নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল করিম এবং নারায়ণগঞ্জ-৫ আসনের মাকসুদ হোসেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন। শুনানিতে অধ্যাপক রেজাউল করিমের আপিল আবেদন মঞ্জুর করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর আগে অপর স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের আবেদনের শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছিল।
গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় হলফনামায় প্রয়োজনীয় তথ্য (ফর্ম-২০ ও ফর্ম-২১ সহ দায়-দেনার তথ্য) অনুপস্থিত থাকায় অধ্যাপক রেজাউল করিমের মনোনয়নপত্র বাতিল করেছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই দিনে হোল্ডিং ট্যাক্স বকেয়া থাকার অভিযোগে মাকসুদ হোসেনের মনোনয়নও বাতিল করা হয়েছিল। রিটার্নিং কর্মকর্তার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করে আজ তারা নিজেদের প্রার্থিতা ফিরে পেলেন।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন দুই প্রার্থীর সমর্থকরা। ফলে নারায়ণগঞ্জ-৩ ও ৫ আসনে নির্বাচনি লড়াইয়ে নতুন মাত্রা যোগ হলো।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)