ভিডিওর ১৬০ পোস্টাল ব্যালটের খাম খোলা হয়নি : ইসি সচিব
বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালটের অনেকগুলো খাম গণনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে গতকাল মঙ্গলবার। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। আজ বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ পোস্টাল ব্যালটের ভিডিওয়ের ব্যাখ্যা দেন। তিনি বলেন, ভিডিওটি করা হয়েছে, যেটা উচিত হয়নি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।
নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে আখতার আহমেদ বলেন, বাহরাইনের বিষয়টি হচ্ছে—আপনারা জানেন, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগ পোস্টাল ব্যালট পাঠাচ্ছে। মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশের পোস্টাল সিস্টেম ভিন্ন হওয়ায় বাহরাইনের ক্ষেত্রে এমনটি হয়েছে।
ইসি সচিব বলেন, সেখানে ১৬০টি ব্যালট ছিল। কোনো খাম খোলা হয়েছে, এ রকম কিছু ভিডিওতে দেখা যায়নি। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিষয়টি দেখছেন। পোস্টাল ব্যালট বিতরণে অনুসরণীয় পদ্ধতির ব্যতিক্রম হয়েছে কি না, তা তদন্ত করে জানাবে বাহরাইনের ডাক বিভাগ (বাহরাইন পোস্ট)।
আখতার আহমেদ বলেন, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে ইসি পোস্টাল ব্যালটগুলো পাঠাচ্ছে। একেক দেশে পোস্টালব্যবস্থা একেক রকম। বাহরাইনের ক্ষেত্রে ১৬০টি পোস্টাল ব্যালট কোনো এক জায়গায় বক্সে (পিজিয়ন হোলের মতো) দেওয়া হয়েছে।
বিষয়টি ব্যাখ্যা করে ইসি সচিব বলেন, ছাত্রজীবনে হোস্টেলে যেমন একটা জায়গায় চিঠিপত্র রেখে যেত, একটা টেবিলের ওপরে, আমরা সেখান থেকে নিজেরা নিজেরা নিয়ে নিতাম। সে রকম একটা বক্সে ১৬০টি ব্যালট দিয়ে গেছে। ওই বক্সটা যখন বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা এসে খুলেছেন, চার-পাঁচজন, তখন তারা ওটা ভাগ করে যে আমার পাশের ঘরে থাকে ও, আমি এটা নিচ্ছি। আমি ওটা পৌঁছে দেব। ব্যাপারটা এই রকম।
ইসি সচিব আরও বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে বাহরাইনের পোস্টকে জানানো হয়েছে। তারা সরেজমিন তদন্ত করে জানাবে, এটা কেন ঘটল। তাদের যে পদ্ধতি অনুসরণ করার কথা ছিল, সেখানে কোনো ব্যতিক্রম হয়েছে কি না।
এদিকে সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ জানুয়ারি বাহরাইন পোস্টাল ব্যালট খাম বিতরণের জন্য সেখানে থাকা প্রবাসী কয়েকজন বাংলাদেশি ভোটারের সঙ্গে যোগাযোগ করেন। তখন তারা কর্মস্থলে থাকায় তারা একই এলাকায় বসবাসকারী সহকর্মীর কাছে ব্যালট হস্তান্তরের অনুরোধ করেন। পোস্টম্যান ওই ব্যক্তির কাছে একই এলাকায় বসবাসরত ১৬০টি ব্যালট খাম বিতরণের জন্য হস্তান্তর করেন। পরে ভোটারদের কাছে হস্তান্তরের জন্য বাছাইকালে ভিডিওটি ধারণ করা হয়। বিষয়টি বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের নজরে এলে বাহরাইন পোস্ট (ডাক বিভাগ) ও সংশ্লিষ্ট বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট বাংলাদেশি অবিলিকৃত ১২৯টি খাম নিয়ে দূতাবাসে হাজির হয়ে সেগুলো বিতরণের জন্য সহযোগিতা কামনা করেন। দূতাবাসের নির্দেশনা অনুযায়ী খামগুলো বাহরাইন পোস্ট ফেরত নিয়ে সংশ্লিষ্ট ভোটারদের কাছে আলাদাভাবে বিতরণে জরুরি ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃক কোনো খামই খোলা হয়নি এবং তথ্যের গোপনীয়তা লঙ্ঘিত হয়নি।

নিজস্ব প্রতিবেদক