১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন শুরু
১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় সংবাদ সম্মেলন শুরুর কথা থাকলেও কিছুটা বিলম্বে সংবাদ সম্মেলন শুরু হয়। ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সংবাদ সম্মেলন শুরু হয়।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এরপর বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
কর্নেল অলি আহমদ বলেন, আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন, এখন অনুরোধ করব ন্যায়ের শাসন, সুশাসন, চাঁদাবাজমুক্ত ও দুর্নীতিমুক্ত শাসন দেখার জন্য। দিল্লির দাসত্ব থেকে আমরা বের হতে চাই।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতির যে ঘুণে ধরা অবস্থা, সেই অবস্থা থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য আমরা জোট করেছি।
শফিকুর রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের আকাঙ্ক্ষার সুষ্ঠু নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠন হোক।
জোটের একটি সূত্রে জানা গেছে, জামায়াত ১৭৯, এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, নেজামে ইসলাম পার্টি ২, এবি পার্টি ৩ ও বিডিপি ২ আসনে জোটের পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
তবে জোটে থাকা জাগপা ও খেলাফত আন্দোলন আপাতত কোনও আসনে নির্বাচন করছে না বলে নিশ্চিত করেছেন দল দুটির নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক