১২৫ কেজির কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার ১
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ১২৫ কেজির একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব-১০। এ সময় পাচারের উদ্দেশ্যে মূর্তিটি লুকিয়ে রাখার অভিযোগে সাদ্দাম শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আলফাডাঙ্গা পৌর এলাকার বুড়াইচ গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার সাদ্দাম শেখ ওই গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, সাদ্দাম শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, চুরি ও মাদকসহ অন্তত আটটি মামলা রয়েছে।
র্যাব-১০ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল বুড়াইচ গ্রামের একটি পুকুরপাড়ে তল্লাশি চালায়। সেখানে লতাপাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় বিশাল আকৃতির এই কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম স্বীকার করেছেন, তিনি উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে মূর্তিটি সেখানে লুকিয়ে রেখেছিলেন।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, প্রত্নতাত্ত্বিক এই সম্পদটি পাচারের আগেই উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মূর্তিটি রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর