ইভ্যালির রাসেল ও শামীমার ১৫ মাসের কারাদণ্ড
প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল রোববার (১৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন। এ বিষয়ে আজ সোমবার মামলার বাদী পক্ষের আইনজীবী মুসতাভী হাসান রাতুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারক আসামিদের রায়ের পাশাপাশি ৫০০ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছেন। বিভিন্ন সময়ে কোম্পানিটি তাদের ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন পণ্যের অফার দেয়। কোম্পানির এই বিজ্ঞাপন দেখে বজলুর রহমান ২০২১ সালের ৪ জুন একটি মোটরসাইকেল কেনার জন্য ৬১ হাজার ১৪০ টাকা দেন। নির্ধারিত সময়ের মধ্যে মোটরসাইকেল বাদীকে হস্তান্তর করতে ব্যর্থ হন ই-কমার্স প্রতিষ্ঠানটি। পরবর্তীতে পণ্যটি ডেলিভারির জন্য বিভিন্ন আশ্বাস দিতে থাকে। বাদীকে মামলা না করার জন্য অনুরোধ করে সময়ক্ষেপণ করতে থাকে। পরে বাদী সংবাদপত্রের মাধ্যমে জানতে পারেন ইভ্যালি ডটকম লিমিটেড তাদের প্রতিষ্ঠান বন্ধ করেছে।
এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর বজলুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন।

আদালত প্রতিবেদক