হত্যা মামলায় জামিন মেলেনি অধ্যাপক আবুল বারকাতের
রাজধানীর নীলক্ষেতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের জামিন নাকচ করেছেন আদালত। আজ সোমবার (১৫ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এই আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল হত্যা মামলায় আবুল বারকাতকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার দেখানোর সময় তার আইনজীবী জামিনের আবেদন করেন এবং শুনানি আজ সোমবার করার জন্য নিবেদন করেন। নিবেদন অনুসারে আজ জামিনের শুনানির দিন নির্ধারণ করে বারাকাতকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, গত ১০ জুলাই রাতে ধানমন্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে আবুল বারকাতকে গ্রেপ্তার করে পুলিশ। জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। গত ৭ জুন দুদকের এ মামলায় আপিল বিভাগ থেকে জামিন পান আবুল বারকাত। নিজের পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে তার জামিন দেওয়া হয়।
এজাহার থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নীলক্ষেত এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ মামলায় বাদী হয়েছেন তার শ্যালক আব্দুর রব। মামলা হয় নিউ মার্কেট থানায়। এতে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ আসামি করা হয় ১৩০ জনকে।

আদালত প্রতিবেদক