শিশু নিছামনিকে ধর্ষণের পর হত্যা : ৯ দিনে অভিযোগপত্র দাখিল
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পাঁচ বছর বয়সী নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণের পর কংস নদে চুবিয়ে হত্যার মামলায় আদালতে ৯ দিনের মাথায় অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জুন বিকেলে স্থানীয় বাজার থেকে চিপস কিনে বাড়ি ফিরছিল শিশু নিছামনি। মাগরিবের আজানের ঠিক আগমুহূর্তে কদম ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে কৌশলে কংস নদের পাড়ে একটি জঙ্গলে নিয়ে যায় চার তরুণ। সেখানে তারা শিশুটিকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি নিস্তেজ হয়ে পড়লে তাকে জীবিত অবস্থাতেই কংস নদে ফেলে দেওয়া হয়। এরপর চারজন মিলে তাকে পানির নিচে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ওইদিন সন্ধ্যায় খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে ৫০০ গজ দূরে কংস নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। রাতেই দাফনের উদ্দেশ্যে গোসল করানোর সময় শরীরে স্পর্শকাতর স্থানে গভীর ক্ষত ও আঘাতের চিহ্ন দেখে দাফন স্থগিত করে পুলিশে খবর দেয় পরিবার। পরে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ মরদেহ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের এ ঘটনায় আসামিদের ধরতে দ্রুত অভিযানে নামে পুলিশ। ঘটনার পরদিনই মারুফ মিয়া (১৯), আরিফ মিয়া (১৯) এবং রাকিব মিয়াকে (২১) গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সায়েম হাসান (১৮) নামের আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা সবাই ধোবাউড়া উপজেলার বাসিন্দা। সবাই ইতোমধ্যে আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
অভিযোগপত্র জমা দেওয়ার পর জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, আমরা ঘটনার এক দিনের মধ্যেই সব আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তারা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তিন-চার দিনের মধ্যে ময়নাতদন্ত ও ডিএনএ রিপোর্ট সংগ্রহ করার জন্য জেলা পুলিশের চারজন কর্মকর্তার সমন্বয়ে সব তদারকি করা হয়েছে। আমরা চাই ভুক্তভোগী শিশুটির পরিবার অতিদ্রুত ন্যায়বিচার পাক।

তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)