পোস্টাল ব্যালটে দিনাজপুরে ভোট দেবেন ২২৩৪৯ জন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২২ হাজার ৩৪৯ জন ভোটার। প্রবাসী ভোটারের পাশাপাশি নির্বাচনি কাজে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও কারাগারে থাকা ভোটাররা এ ব্যবস্থায় ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পোস্টাল ভোটে নিবন্ধনের শেষ সময় ছিল গত ৫ জানুয়ারি। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ভোটারদের মধ্যে ১৬ হাজার ৩৯৯ জন পুরুষ ও ৫ হাজার ৯৫০ জন নারী।
আসনভিত্তিক নিবন্ধিত পোস্টাল ভোটারের সংখ্যা হলো- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ২ হাজার ৭৭৮ জন; এর মধ্যে পুরুষ ১ হাজার ৯৬৮ জন ও নারী ৮১০ জন।
দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে ৩ হাজার ৩৩৮ জন; পুরুষ ২ হাজার ৪৮২ জন ও নারী ৮৫৬ জন।
দিনাজপুর-৩ (সদর) আসনে ৪ হাজার ১৫৯ জন; পুরুষ ২ হাজার ৯০৩ জন ও নারী ১ হাজার ২৫৬ জন।
দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে ৩ হাজার ৫১২ জন; পুরুষ ২ হাজার ৬২৬ জন ও নারী ৮৮৬ জন।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-চিরিরবন্দর) আসনে ৪ হাজার ৮২ জন; পুরুষ ৩ হাজার ১২৭ জন ও নারী ৯৫৫ জন।
দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে ৪ হাজার ৪৮০ জন; পুরুষ ৩ হাজার ২৯৩ জন ও নারী ১ হাজার ৮৭ জন।
দিনাজপুর জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন জানান, চার শ্রেণির ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তাদের কাছে ২১ জানুয়ারির মধ্যে ব্যালট পাঠানো হবে। ভোট প্রদান শেষে নিকটস্থ ডাক বিভাগের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।
এদিকে, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলায় মোট ভোটার ছিল ২৫ লাখ ৫ হাজার ৭১৬ জন। হালনাগাদ ভোটার তালিকায় নতুন ১ লাখ ৫৫ হাজার ১৮ জন যুক্ত হওয়ায় বর্তমানে জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন।
হালনাগাদ তালিকা অনুযায়ী জেলায় পুরুষ ভোটার ১৩ লাখ ২৯ হাজার ৪৫৭ জন, নারী ভোটার ১৩ লাখ ৩১ হাজার ২৫৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ২২ জন। অর্থাৎ নারী ভোটার পুরুষের চেয়ে ১ হাজার ৭৯৮ জন বেশি। জেলায় ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৮৪৪টি ও ভোট গ্রহণের কক্ষ থাকবে ৪ হাজার ৯৯৩টি।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)