বিদেশি পিস্তল, গুলিসহ ভুয়া সাংবাদিক আটক
ফরিদপুরের কানাইপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামে এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে।
ওসি জানান, ফরিদপুর সদর উপজেলা আর্মি ক্যাম্পের নেতৃত্বে ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. জহির মোল্লাকে আটক করা হয়। তার বাড়ি বসুনরসিংহদিয়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সাংবাদিক পরিচয় ও অস্ত্রের ভয় দেখিয়ে কানাইপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায়, বাজারের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এর আগে যৌথবাহিনী এক ক্ষুদেবার্তায় জানায়, আটক ভুয়া সাংবাদিক অনলাইনে ‘বঙ্গ টিভি’ এবং ‘দৈনিক কৃষাণী কণ্ঠ’ নামক ফেইসবুক পেজ খুলে সাংবাদিকতা করতেন। যার কোনো নিবন্ধন নেই। তিনি মোটরসাইকেলের সামনে সাংবাদিক স্টিকার লাগিয়ে বিভিন্ন স্থানে গিয়ে চাঁদাবাজি করতেন।
ক্ষুদেবার্তায় আরও জানানো হয়, আজ ভোর ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কানাইপুর এলাকায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগের বিষয়টি নিশ্চিত হন তারা। একইসঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিকটবর্তী ভোটকেন্দ্রগুলোয় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সম্ভাব্য হুমকি হিসেবে সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের সমন্বয়ে দ্রুত একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
যৌথবাহিনীর ক্ষুদেবার্তায় আরও জানানো হয়, সমাজ থেকে এই ধরনের চাঁদাবাজ নির্মূলে অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
এদিকে আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি।

সঞ্জিব দাস, ফরিদপুর