বিদ্যুৎহীন ভোটকেন্দ্রে আলোর ব্যবস্থা করতে ইসির নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই, সেসব কেন্দ্রে আলোর ব্যবস্থা করার তাগাদা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (২১ জানুয়ারি) ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহাকারী সচিব মো. রশিদ মিয়া এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের পাঠিয়েছেন।
এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে স্থাপিত ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। ওই কেন্দ্রগুলোর মধ্যে যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব, সেই সব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দেওয়া হয়।
ওই চিঠির নির্দেশনার আলোকে ৩২৫টি ভোটকেন্দ্রের মধ্যে যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে/হবে সেই সব ভোটকেন্দ্র বাদ দিয়ে বাকি ভোটকেন্দ্রে বিদ্যুতের বিকল্প হিসেবে সৌরবিদ্যুৎ অথবা জেনারেটর ব্যবহার করা হয় কি না, সে বিষয়ে তথ্য দিতে অনুরোধ করা হলো।
এ ছাড়াও সৌরবিদ্যুৎ অথবা জেনারেটরের ব্যবস্থা না থাকলে বিকল্প কী ব্যবস্থায় ভোটকেন্দ্রে আলোর ব্যবস্থা করা হবে সে বিষয়েও তথ্য পাঠাতে বলেছে কমিশন।

নিজস্ব প্রতিবেদক