ফজলুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
কিশোরগঞ্জের ইটনা থেকে ভৈরবে তারেক রহমানের জনসভায় যোগ দিতে আসার পথে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম সন্ধ্যায় ভৈরব স্টেডিয়ামের জনসভার মঞ্চ থেকে মাইকে বিষয়টি নিশ্চিত করেন।
মো. শরিফুল আলম বলেন, নিজ বাড়ি ইটনা থেকে ভৈরব স্টেডিয়ামের জনসভায় যোগ দিতে আসার পথে অ্যাডভোকেট ফজলুর রহমান শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে নিশ্চিত করেছেন ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর (স্বপন)।

মোজাহিদ সরকার, কিশোরগঞ্জ (অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলা)