ট্রাকই হচ্ছে নৌকা, ধানের শীষের প্রতিনিধি : ভিপি নুর
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশের এ অঞ্চলে বিগত নির্বাচন ছিল নৌকা আর ধানের শীষের। এইবার ব্যালটে নৌকা নাই ধানের শীষ নাই। ট্রাকই হচ্ছে নৌকা; ধানের শীষের প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নুরুল হক নুর প্রথম নির্বাচনি জনসভায় এসব কথা বলেন।
ডাকসুর সাবেক ভিপি বলেন, ‘আমরা বিএনপির সাথে সমঝোতা করেছি। আমি আশা ও ভরসার জায়গা থেকে এক চরম প্রতিকূল পরিস্থিতিতে একটা বড় ধরনের ঝুঁকি নিয়ে এই নির্বাচন করছি। ঝুঁকিটা কী? বিএনপির সাথে অ্যালায়েন্স করেছি, বিএনপি আমাদেরকে সমর্থন দিয়েছে। কিন্তু বিএনপির দলীয় সিদ্ধান্ত না মেনে তারেক রহমানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আরেকজন লোক নির্বাচন করছেন। শুনেছি তিনি অফিস খুলেছেন সেখানে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি লাগিয়েছে। এটা বিএনপির নেতৃবৃন্দ ভেবে দেখবেন। তারা কীভাবে সেটা প্রতিরোধ করবে। কারণ দল থেকে বহিষ্কৃত, সে তো দলের পরিচয় বহণ করতে পারে না। বিএনপি তো অফিসিয়ালি আমাদেরকে এ আসনে সমর্থন দিয়েছে।’
নুরুল হক নুর আজ দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর নূরিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচরণা শুরু করেন। গণঅধিকার পরিষদের সদর ইউনিয়নের সভাপতি মো. ফারুক খলিফার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, কেন্দ্রীয় কমিটির যুবদলের সাবেক সহ-সভাপতি ইকতিয়ার রহমান কবির, জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোবহান মিয়া, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহেব মাস্টার, গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির মুন্সী প্রমুখ।

কাজল বরণ দাস, পটুয়াখালী