হাঁস আমার চাষ করা ধানই খাবে : রুমিন ফারহানা
ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য কর্মী-সমর্থক ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, তার হাঁস (প্রতীক) তার চাষ করা ধান খাবে।
আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামে একটি পথসভায় এ আহ্বান জানান রুমিন ফারহানা।
রুমিন ফারহানা বলেন, কেউ যেন একটা জাল ভোট দিতে না পারে, সেজন্য ভোটারদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। কোনো শিয়াল যেন একটা হাঁসও চুরি না করে। মূলত এই হাঁস কোনো দল বা বিশেষ গোষ্ঠীরও প্রতীক নয়, বরং এটি সাধারণ মানুষের প্রতীক, জনতার প্রতীক। এটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সংসদের ৩০০ এমপির বিরুদ্ধে একা লড়াই করার মার্কা।
রুমিন ফারহানা আরও বলেন, বিগত ১৫ বছর হালচাষ করে, বীজ দিয়ে ধান লাগিয়েছি, অথচ ফসল কাটার সময় সবই মরুভূমি। আমার হাঁস (প্রতীক) আমার চাষ করা ধান খাবে।
এ স্বতন্ত্র প্রার্থী বলেন, নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে দুটি উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়বেন। তাই আগামী ১২ ফেব্রুয়ারি কেন্দ্র পাহারায় ভোটারদের একদিন কষ্ট করার জন্য অনুরোধ জানান।
এ ছাড়া রুমিন ফারহানা উপজেলার শাহবাজপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বচনি জনসভায় অংশ নেন।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া