ছয় লাখ ৮৩ হাজার প্রবাসীর ঠিকানায় পৌঁছেছে ব্যালট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ছয় লাখ ৮৩ হাজার ১২২ জন প্রবাসীর ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছেছে।
আজ রোববার (২৫ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সালীম আহমাদ আরও জানান, ২৫ জানুয়ারি বিকাল ৪টা পর্যন্ত ছয় লাখ ৮৩ হাজার ১২২টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসীর অবস্থানরত দেশে পৌঁছেছে। চার লাখ ৩৭ হাজার ১৪৫ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। আর তিন লাখ ৫৩ হাজার ৭৩৯ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন।
প্রবাসী ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে দুই লাখ ৮৪ হাজার ৪৩১টি ব্যালট। ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে ১৬ হাজার ২৭৪টি।
সালীম খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে (দেশে ও প্রবাসী মিলে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)