রিটার্নিং কর্মকর্তাদের হাতে ৩ লক্ষাধিক প্রবাসীর পোস্টাল ব্যালট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসে অবস্থানরত ৩ লাখের বেশি পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে। ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে কার্যক্রমটি চলছে।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা পর্যন্ত ইসির তথ্যে দেখা যায়, ইতোমধ্যে ৩ লাখ ১৮ হাজার ১২৫ প্রবাসীর ভোট রিটার্নিং কর্মকর্তাদের দপ্তরে পৌঁছেছে।
প্রবাসীদের জন্য নির্ধারিত পোস্টাল ব্যালট কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক। নির্ধারিত দেশগুলোতে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পৌঁছেছিল। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৪৫০ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেন। ৫ লাখ ৩ হাজার ৪৪১ জন ভোটার ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করেন। নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ৪ লাখ ৮৪ হাজার ৭৬৫ জন ভোটার ব্যালট জমা দেন। দেশে ৪ লাখ ২৮ হাজার ৮২৮টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। ৩ লাখ ১৮ হাজার ১২৫টি ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।
অন্যদিকে দেশের অভ্যন্তরে যারা ডাকযোগে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন, তাদের কার্যক্রমও চলছে। বিডি পোস্ট থেকে ভোটারদের কাছে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট পাঠানো হয়েছে। ৪ লাখ ৪৩ হাজার ৫৪২ জন ভোটার সফলভাবে ব্যালট হাতে পেয়েছেন। ৩ লাখ ৮৮ হাজার ৮৯৮ জন ভোটার ভোট দিয়ে তাদের নাগরিক দায়িত্ব পালন করেছেন। ভোটাররা ৩ লাখ ৪৪ হাজার ৮২৬টি ব্যালট ডাকবাক্সে জমা দিয়েছেন। এখন পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ৭৭টি ব্যালট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পৌঁছেছে।

নিজস্ব প্রতিবেদক