ভালোবেসে বিয়ে, স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করলেন যুবক
ভালোবেসে বিয়ে করা স্ত্রীকে নিজের সর্বস্ব দিয়েও ধরে রাখতে পারলেন না ঝিনাইদহের রাজ্জাক মন্ডল। স্ত্রীর পক্ষ থেকে আসা তালাকের ক্ষোভে ৪০ কেজি গরুর দুধ দিয়ে গোসল করে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন এই ইজিবাইক চালক।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামে নিজ বাড়ির উঠানে এই ঘটনা ঘটে। মৃত শাহজদ্দী মন্ডলের ছেলে ৪২ বছর বয়সী রাজ্জাকের এমন কাণ্ড দেখতে গ্রামবাসী ভিড় জমায়।
জানা গেছে, পেশায় ইজিবাইক চালক রাজ্জাক ৪ বছর আগে পাশের গ্রামের রিক্তা খাতুনকে প্রেম করে বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী ও তিন সন্তান থাকার পরও রিক্তার ভালোবাসার টানে তাকে নিয়ে আলাদা সংসার শুরু করেন তিনি।
রাজ্জাকের পরিবার ও প্রথম স্ত্রীর দাবি, দ্বিতীয় স্ত্রীকে খুশি করতে সোনার গহনা, নগদ টাকা, এমনকি গোয়ালের গরু পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন রাজ্জাক। কিন্তু সম্প্রতি রিক্তা শর্ত দেন যে, তার সাথে সংসার করতে হলে রাজ্জাককে তার বৃদ্ধ মা, প্রথম স্ত্রী ও সন্তানদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে। এই শর্ত মেনে না নেওয়ায় রিক্তা কাজী ডেকে রাজ্জাককে তালাক দেন।
এ প্রসঙ্গে রাজ্জাক মন্ডল জানান, তিনি রিক্তাকে ভালোবেসে সবকিছু উজাড় করে দিয়েছিলেন। কিন্তু বিনিময়ে পেয়েছেন চরম প্রতারণা। মা ও সন্তানদের ত্যাগ করার প্রস্তাবে রাজি না হওয়ায় যখন স্ত্রী তাকে তালাক দিলেন।
প্রথম স্ত্রী সালেহা পারভীন বলেন, ‘আমাদের ৩ সন্তান রয়েছে। তারপরও সে রিক্তাকে বিয়ে করে। তবে দুই সংসারই চালাতো। সে তার দ্বিতীয় স্ত্রীকে সব কিছুই দিয়েছে। টাকা-পয়সা, গহনা- এমনকি গোয়ালের গরু পর্যন্ত দিয়েছে সংসার করতে। কিন্তু লাভের লাভ শেষপর্যন্ত তালাক।’
স্থানীয় বাসিন্দা গঞ্জের মিয়া জানান, এ ধরনের ঘটনা তাদের এলাকায় আগে কখনো ঘটেনি, যা পুরো গ্রামকে হতভম্ব করে দিয়েছে। বর্তমানে রাজ্জাক তার প্রথম স্ত্রী ও সন্তানদের নিয়ে বাকি জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)