গভীর নলকূপের গর্তে পড়া শিশুটি মারা গেছে
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া ৫ বছর বয়সী শিশু মিসবাহকে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি।
আজ বুধবার (২৮ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে তাকে গর্ত থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশু মিসবাহ রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামের দিনমজুর সাইফুল ইসলামের ছেলে।
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবদুল মান্নান বলেন, বিকেল ৫টা ২০ মিনিটে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৩০ ফুট গভীর গর্তে আটকা পড়া শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলস কাজ করেন। রাত সোয়া ৮টার দিকে শিশুটিকে গর্ত থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)