নাটোর জেলা কারাগারের ৪১ বন্দি ভোট দেবেন পোস্টাল ব্যালটে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলা কারাগারের ৪১ জন বন্দি ভোট দেবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে জেলা কারাগারের জেলার শেখ মো. রাসেল।
কর্তৃপক্ষ জানায়, নাটোর জেলা কারাগারে বর্তমানে ৩৩ জন নারীসহ মোট ৭৫২ জন বন্দি রয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বন্দিদের মধ্যে ৪১ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য আগ্রহ প্রকাশ করেন। তাঁদের মধ্যে ১৭ জন হাজতি ও ২৪ জন সাজাপ্রাপ্ত কয়েদি রয়েছেন। নারী বন্দিদের মধ্যে দুজন হাজতি ও একজন কয়েদি রয়েছেন।
কারা কর্তৃপক্ষ জানায়, নির্বাচন কমিশনের ঘোষণা পাওয়ার পর থেকেই আটক, হাজতি ও কয়েদিদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়। এর ধারাবাহিকতায় আগ্রহী বন্দিদের কাছ থেকে আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
নাটোর জেলা কারাগারের জেলার শেখ মো. রাসেল আরো জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতে শুরু থেকেই তারা নানা উদ্যোগ গ্রহণ করে। কারাগারে থাকা ৭৫২ জন বন্দির মধ্যে ৪১ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেন।
নির্বাচন কমিশনের নিয়ম মেনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যে পোস্টাল ব্যালটের নমুনা কারাগারে এসে পৌঁছেছে। ভোট প্রদানের জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। কারা কর্তৃপক্ষের এ উদ্যোগকে বন্দিদের সাংবিধানিক অধিকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

হালিম খান, নাটোর