প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইভায় প্রক্সি জালিয়াতি, প্রার্থীর কারাদণ্ড
রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা–২০২৫-এর মৌখিক (ভাইভা) পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেওয়ায় আব্দুর রাজ্জাক নামে এক প্রার্থীকে আটক করেছে প্রশাসন। লিখিত পরীক্ষায় অন্য ব্যক্তিকে দিয়ে অংশগ্রহণ করানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে ভাইভা চলাকালীন এই অনিয়ম ধরা পড়ে। দণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আশুরহাট গ্রামের বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভাইভা বোর্ডে উপস্থিত প্রার্থী নিজে মৌখিক পরীক্ষায় অংশ নিলেও নথিপত্র ও তথ্যাদি যাচাই-বাছাইয়ের এক পর্যায়ে দেখা যায়, তার হয়ে লিখিত পরীক্ষা অন্য একজন প্রক্সি প্রার্থী দিয়েছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযুক্তকে সাজা প্রদান করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মো. কবির হোসেন, রাজবাড়ী