জয়পুরহাটে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ মিলল সরিষাক্ষেতে
জয়পুরহাট পৌর শহরের পূর্ব দেবীপুর এলাকায় একটি সরিষাক্ষেত থেকে তাইফ হাসান (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত তাইফ হাসান নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের মৃত তুহিন হোসেনের ছেলে। সে জগদল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার তাইফ তার মায়ের সঙ্গে ঢাকা থেকে বাসযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত ৮টার দিকে তারা জয়পুরহাট শহরে পৌঁছান। সেখান থেকে ধামইরহাটে যাওয়ার জন্য লোকাল বাসে ওঠার আগে তাইফের পানির পিপাসা পায়। মাকে দাঁড়িয়ে থাকতে বলে পানি পান করার কথা বলে সে অন্যত্র যায়, কিন্তু দীর্ঘ সময় পার হলেও সে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরদিন আজ রোববার দুপুরে পূর্ব দেবীপুর মহল্লার একটি সরিষাক্ষেতে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং পরিবারের সদস্যরা সেটি তাইফের বলে শনাক্ত করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাইফকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট