নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে এয়ারপোর্ট ও মেডিকেল কলেজ করা হবে : মির্জা ফখরুল
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে এয়ারপোর্ট ও মেডিকেল কলেজ নির্মাণ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করব। আমাদের মায়েদের তারেক রহমান ট্রেনিং দিবেন যেন ঘরে বসেই তারা আয় করতে পারেন।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার আখনগর ইউনিয়নের দোলুয়াপাড়ায় এক পথসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, এবার আরেকটি দল নির্বাচনে লড়ছে। জামায়াতে ইসলামী। তারা এমন কিছু কথা বলছে মনে হচ্ছে দেশের সব কিছুই করবে। আমি একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে আমি মুক্তিযোদ্ধ করেছি। ওই সময়ে যারা আমার মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার পক্ষে আমি না।
মির্জা ফখরুল বলেন, আসুন আমরা হিন্দু-মুসলিম এক হয়ে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য কাজ করি এবং হিন্দু ভাই-বোনদের উন্নয়নে এক জোট হয়ে ধানের শীষে ভোট দেই। হিন্দু ভাই-বোনেরা অনেকেই বলছেন তাদের সুরক্ষার কথা। আপনাদের সুরক্ষা আমরা দিব। আমি গ্যারান্টি দিচ্ছি. আমি বেঁচে থাকতে আপনাদের সুরক্ষায় কোনো গাফিলতি হবে না।
বিএনপি মহাসচিব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া ও বেগম খালেদা জিয়ার ছেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দিন লন্ডনে ছিলেন। দীর্ঘ দিন পর প্রবাস ছেড়ে দেশে ফিরেছেন। দেশে এসেই তিনি মা-বোনদের ফ্যামিলি কার্ডের কথা বলছেন, যদি একটা ফ্যামিলি কার্ড দেওয়া হয় সে ক্ষেত্রে কম দামে নিত্যপণ্য কিনতে পারবে। চিকিৎসা, শিক্ষাসহ সবকিছুই করতে পারবে। কৃষকদেরও কার্ড দেওয়া হবে। যার ফলে সে তার সার-বীজ সবকিছুই ন্যায্য মূল্যে কিনতে পারবে। আমরা বাচ্চাদের ভালো লেখাপড়ার জন্য ভালো স্কুলের ব্যবস্থা করব। হাসপাতালে যেন মানুষ ভালো চিকিৎসা পায় সে ব্যবস্থা করব। সস্তায় ওষুধ দেওয়ার চেষ্টা করব।

মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)