সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-তাড়াশ সড়কের দেওভোগ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন–সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুমারলু গ্রামের ইসহাক প্রামাণিকের ছেলে জালাল প্রমানিক (৭০) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৬৫)।
রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বলেন, সকালে কুমারলু গ্রামের নিজ বাড়ি থেকে জালাল প্রামাণিক তার স্ত্রীকে সঙ্গে নিয়ে অটোরিকশাযোগে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী এলাকায় একটি কবিরাজ বাড়িতে যাচ্ছিলেন। তারা রায়গঞ্জ উপজেলার দেওভোগ এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে জালাল প্রামাণিক ও তার স্ত্রী নিহত হন। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ