সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক আর নেই
চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক (৮৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
মমিনুল হক বলেন, জি এম ফজলুল হক বার্ধক্যজনিত রোগে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় দেশ-বিদেশে চিকিৎসা নিয়েছেন। আগামীকাল বুধবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
জি এম ফজলুল হক চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের তরপুরচণ্ডী গ্রামে ১৯৪৭ সালে ১০ মে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ বহু রাজনৈতিক সহযোদ্ধা, আত্মীয়, বন্ধু রেখে গেছেন।
জি এম ফজলুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালে নবম জাতীয় নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে পরাজিত হন। এ ছাড়া তিনি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।
জি এম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম।
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, জি এম ফজলুল হকের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। রাজনৈতিক জীবনে তিনি সততা, আদর্শ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তার কর্মময় জীবন ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
