বাসচাপায় অটোরিকশাচালকসহ নিহত ৩
টাঙ্গাইলের ধনবাড়িতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে পৌরসভার নল্লা গ্রামীণ ব্যাংকের সামনে নলহরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার সেনবাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে আকবর আলী, বাউশী বাংগালীপাড়ার মৃত তোরাব আলীর মুন্সির ছেলে ওমর ফারুক এবং জামালপুরের সরিষাবাড়ীর কামরাবাদ গ্রামের আব্বাস মিয়ার ছেলে খোকন।
জানা যায়, জেলার ধনবাড়ী উপজেলার নল্লা গ্রামীণ ব্যাংকের সামনে নলহরা গ্রামে জামালপুর হতে একটি বাস ধনবাড়ীগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। এরপর আহত অবস্থায় একজনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক বলেন, জামালপুর থেকে একটি বাস ধনবাড়ির দিকে আসার সময় নলহরা গ্রামে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে দুজন ঘটনাস্থলেই নিহত হন। তারা দুজনই অটোরিকশার যাত্রী। অপরজনের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ওসি আরও জানান ঘটনাস্থলে পুলিশ গিয়ে তথ্য সংগ্রহ করেছে। এতে তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে। লাশ থানায় এনে আইনি প্রক্রিয়া শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহব্বত হোসেন, টাঙ্গাইল